পিরোজপুর : গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা’, মানবাধিকার সুরক্ষা ও প্রচারে তাদের সম্পৃক্ততা জোরদার এবং বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুর রহমান মামুন। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন এমএসএফ এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান।
বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, এস. এম. পারভেজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে অপসাংবাদিকতা পরিহার করা জরুরি। একই সঙ্গে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক জ্ঞান ও সৃজনশীল চিন্তার চর্চা সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



